নিজস্ব প্রতিবেদক: ঈদুল আযহায় মানুষে নির্বিঘ্নে চলাচলের জন্য ফিটনেস বিহীন পরিবহন চলতে দেয়া হবে না। মহাসড়কের ধারে পশুহাট বসতে দেয়া হবে না। যদি পশুহাট বসানো হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ঈদুল আযহা উপলক্ষে সড়ক-মহাসড়কে জনসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে একথা বলে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে রোববার দুপুর ১২টায় এসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আরো বলেন-ঈদুল আযহায় যদি সড়ক-মহাসড়কে হাট বসলে প্রচুর যানজটের সৃষ্টি হয়। এজন্য এসব জায়গার হাট ইজারা দেয়া হবে না। পৌরসভার নামে পরিবহন থেকে অবৈধ চাঁদা আদায় করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার হাইওয়ে ফখরুল আলম বলেন- মহাসড়কে বৈধ যান ইজিবাইর, নসিমন করিমন চলাচল করলে জরিমানা আদায় করা হবে। ফিটনেস বিহীন পরিবহন চলাচল করলে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবস্থা নেয়া হবে। বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন- বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিতে পারবে না। ভাড়ার তালিকা বাসে ভেতর দৃশ্যমান স্থানে টাঙ্গাতে হবে। মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাকগুলো যদি সড়ক ও জনপথ বিভাগ চিহ্নিত করে দেয়, সেগুলোতে সতর্ক করার জন্য লাল পতাকা টানিয়ে দেয়া হবে। সেটা দেখে যাতে চালকরা কমগতিতে পরিবহন চালায়। অতিরিক্ত পুলিশ সুপার- সার্কেল আহসান হাবীব বলেন- ঈদুল আযহায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করছে। এর পাশাপাশি জনসাধারণকে সচেতন হতে হবে। জনদুর্ভোগ দুর করতে রাস্তার ধারে বাস থামিয়ে না রাখার জন্য পরিবহন মালিকদের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মুজমদার , আন্তঃ বাস সমিতির সাধারণ সম্পাদক পবিত্র কাপুড়িয়া, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু প্রমুখ।