নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকা না দেয়ায় আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট করে হত্যার চেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক শামিমসহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার আহত আরিকের পিতা যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ। অপর আসামিরা হলো-শহরতলীর বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশারফ হোসেনের ছেলে মুছা এবং শিমুলের ছেলে ফয়সাল। মামলার অভিযোগে জানাগেছে, গত ৬ মে আসামি শামিম অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের চেম্বারে গিয়ে একটি সিআর মামলা করতে চান। এ সময় মৌখিক ১০ হাজার টাকা চুক্তিতে আইনজীবী তার মামলাটি আদালতে করে দেন। এ সময় শামীম আইনজীবীকে ১ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দিবে বলে জানান। এরপর শামীম তাকে টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। এনিয়ে বিরোধের জেরে গত ১৪ মে পুরাতন জজ কোর্টের গেটে আসামি শামীম ও তার সহযোগীরা প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় আইনজীবী কোতয়ালি থানায় একটি জিডি করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৭ মে রাতে আসামি শামীমের নেতৃত্বে অপর আসামিরা আইনজীবীর বিরামপুরের বাড়িতে চড়াও হয়। এসময় আইনজীবীর ছেলে আরিক জাহান ঘর থেকে বের হয়ে আসলে আসামিরা তাকে হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে আসামিরা খুন করার হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে তিনি আদালতে এ মামলা করেছেন।