নিজস্ব প্রতিবেদক : যশোরে আরএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী এমএইচ সামাদের কার্যালয়ে হামলা, লুটপাট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন। বিভিন্ন সময় প্রতিবেশীর হামলা ও হুমকির ঘটনায় ওই ব্যবসায়ী এবং তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সোমবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন আরএস গ্রুপের জেনারেল ম্যানেজার ফরিদউজ্জামান ফরিদ। রোববার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী আরএস গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন ফাতেমা খাতুন নামের এক নারী। লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ মে ২০২৬ তারিখে বেলা ১২টার দিকে ওই আসামিরা আবারও চেয়ারম্যানের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বোমা বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় আরএস গ্রুপের চেয়ারম্যানের পরিবারের সদস্যরা বের হয়ে আসলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। এই ঘটনায় ১৬ মে কোতোয়ালি থানায় একটি জিডি করা হয়েছে। তিনি বলেন-প্রতিবেশী ফাতেমা খাতুন ও তার ভাইয়েরা প্রভাব বিস্তার করে এবং ভুয়া তথ্য দিয়ে গত ১৭ মে একটি সংবাদ সম্মেলন করেছেন, যা সম্পূর্ণ বানোয়াট। এমনকি ঘটনার দিন চেয়ারম্যানের বড় ছেলে রিপন ব্যবসায়িক কাজে দেশের বাইরে থাকলেও তাকে উদ্দেশ্যমূলকভাবে অভিযুক্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আরএস গ্রুপের কর্মকর্তা মফিজুল হক দিপু, সোহেল রানা, সাবিত বিন ইমরান প্রমুখ।