প্রেসবিজ্ঞপ্তি : উন্নত পরিবেশে গ্রাহকসেবা প্রদানের প্রত্যয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক খেদাপাড়া বাজার শাখা যশোরের সংস্কারকৃত ভবনে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ২১ মে বৃহস্পতিবার দুপুর ১২ টায় ব্যাংকের শাখায় সর্বস্তরের গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। সভায় বাংলাদেশ কৃষি ব্যাংকের আধুনিক ব্যাংকিং কার্যক্রম, গ্রাহকসেবা ও নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মহাব্যবস্থাপক বলেন, কৃষকদের সেবা প্রদান করার উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক ১৯৭৩ সালে কার্যক্রম শুরু করে বর্তমানে সকল স্তরের গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপসহ সকল প্রকার আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে কৃষি ব্যাংক জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। মহাব্যবস্থাপক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ গ্রামীণ অর্থনীতির সাথে সম্পৃক্ত সকল গ্রাহককে দ্রুত ও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের অঙ্গীকার পুনঃর্ব্যক্ত করেন ও সংস্কারকৃত ভবনে গ্রাহক পর্যায়ে উত্তম সেবা প্রদান নিশ্চিত করার বিষয়ে কর্মকর্তাদেরকে পরামর্শ প্রদান করেন। সভার বিশেষ অতিথি বাংলাদেশ কৃষি ব্যাংক যশোর মুখ্য অঞ্চলের ডিজিএম মোঃ এনায়েত করিম সকল পর্যায়ের গ্রাহক ও শুভাক্ঙ্খীদেরকে কৃষি ব্যাংকের সেবা গ্রহণের আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা এস,এম শামীম রেজা, খেদাপাড়া পুলিশ ফাঁড়ির সদস্য আরিফুর রহমান, ইউপি মেম্বর রাজু আহমেদ, ভবন মালিক রেজাউল ইসলাম, মাতৃভাষা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, খেদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি মন্ডলসহ অন্যান্য শিক্ষকমন্ডলী ও এলাকার সকল পর্যায়ের গ্রাহকবৃন্দ।