নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নম্বর নাটিমা ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উন্নয়ন ও জন কল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টার ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৩০০ টাকার বাজেট ঘোষনা করেন। নাটিমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টারের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ। সভায় বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ইউনিয়ন পরিষদের মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৫৯ লাখ ৫০ হাজার ৩০০ টাকা। এর মধ্যে রাজস্বখাতে সম্ভাব্য আয় ৪২ লাখ ৫২ হাজার ৩৬৪ টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৯৩৬ টাকা। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন, সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বারোপ করা হয়। সভায় চেয়ারম্যান মো. আবুল কাশেম বলেন-স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি স্থানীয় জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা ও মতামত দেয়ার আহ্বান জানান।