নিজস্ব প্রতিবেদক : স্বর্ণ চোরাচালান মামলায় লিয়াকত আলী বাবু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। এ মামলার অপর আসামি জিয়াউর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে। বুধবার অতিরিক্ত দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক ওয়াসিম শেখ এক রায়ে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত লিয়াকত বেনাপোলের দক্ষিণ দৌলতপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। সাজাপ্রাপ্ত লিয়াকত কারাগারে আটক আছে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ২১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দৌলতপুর ক্যাম্পের বিজিবি গ্রামের কাঁচারাস্তায় অবস্থান নেয়। এ সময় ভারতের দিকে যাওয়া সময় সন্দেহজনকভাবে লিয়াকত আলীকে আটক করা হয়। আটক লিয়াকতের দেহ তল্লাশিকালে কোমরে বিশেষ কায়দায় বেল্টের সাথে বাঁধা ১১ টি স্বর্ণের বার, যার ওজন ১১ ভরি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক লিয়াকত ও পলাতক জিয়াউরের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই শরিফ হাবিবুর রহমান আসামি লিয়াকত আলী বাবুকে অভিযুক্ত ও অপর আসামি জিয়াউর রহমানের অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন। এ মামলার চার্জ শুনানি শেষে দুজনকেই অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি লিয়াকত আলী বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।