Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ‘ট্রয়ের রমণীরা’ নিয়ে চার ঘণ্টাব্যাপী পাঠচক্র, বই বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজন

এখন সময়: রবিবার, ২৪ মে , ২০২৬, ১২:৫৩:১৬ এম

নিজস্ব প্রতিবেদক: বাইরে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ, আর গ্রন্থাগারের পাঠকক্ষের ভেতরে বই, বিতর্ক, সাহিত্য ও সংস্কৃতির নির্মল আবহে ডুবে ছিলেন জ্ঞানপিপাসু পাঠক, অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীরা। প্রাণবন্ত আলোচনা, যুক্তিনির্ভর বিতর্ক এবং মননশীল সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শনিবার সকাল দশটায় জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোর-এর পাঠকক্ষ যেন রূপ নিয়েছিল এক অনন্য সাহিত্য-সংস্কৃতির মিলনমেলায়। জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোরের আয়োজনে এবং “সপ্তাহে একটি বই পড়ি”-র উদ্যোগ ও সহযোগিতায় গ্রীক ধ্রুপদী নাট্যকার ইউরিপিডিস-এর কালজয়ী নাটক ট্রয়ের রমণীরা নিয়ে চার ঘণ্টাব্যাপী পাঠচক্র, বই বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগার যশোরের সিনিয়র লাইব্রেরিয়ান তাজমুল ইসলাম এবং সঞ্চালনা করেন “সপ্তাহে একটি বই পড়ি”-র পাঠচক্রবন্ধু স্বপ্না খাতুন। স্বাগত বক্তব্য প্রদান করেন পাঠচক্রবন্ধু হরিদাস বিশ্বাস। অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী সংগীত পরিবেশন করে শিশুশিল্পী শ্রেয়া মল্লিক উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ট্রয়ের রমণীরা গ্রন্থকে কেন্দ্র করে অনুষ্ঠিত বই বিতর্ক। “ট্রয়ের রমণীরা কেবল প্রাচীন গ্রীসের নয়; সমকালীন বিশ্বেরও প্রতিচ্ছবি”— শীর্ষক বিষয়ের উপর অনুষ্ঠিত এ বিতর্কে বিজয়ী হয় বিপক্ষ দল। দলের নেতৃত্ব দেন শিমন বিশ্বাস; সঙ্গে ছিলেন তিহামী আহমেদ ও জান্নাতুল ফেরদৌস ইলা। রানার্সআপ হয় পক্ষ দল, যার নেতৃত্বে ছিলেন খালিদ হাসান মৃধা; সঙ্গে ছিলেন মিঠুন হোসেন ও সাইফুল ইসলাম। প্রাণবন্ত যুক্তি, তথ্যনির্ভর উপস্থাপনা ও তীক্ষ্ণ বিশ্লেষণের জন্য শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা শিমন বিশ্বাস। অনুষ্ঠানের মধ্যবর্তী পর্বে জেলা সরকারি গণগ্রন্থাগার, যশোরের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতা ও বই পাঠ অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। পরবর্তীতে অনুষ্ঠিত হয় পাঠচক্র ও আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন যশোর সরকারি মহিলা কলেজ-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন, দৈনিক রানারের সাহিত্য সম্পাদক কবি মামুন আজাদ এবং “সপ্তাহে একটি বই পড়ি”-র প্রতিষ্ঠাতা ও সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর-এর ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক শাহ্জাহান কবীর। এছাড়াও আলোচনায় অংশ নেন রাবেয়া খানম, অভিজিৎ কুমার তরফদার, জান্নাতুল ফেরদৌস ইলা, খালিদ হাসান মৃধা, শিমন বিশ্বাস, তিহামী আহমেদ, সাইফুল ইসলাম ও মিঠুন হোসেন প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, মানবসভ্যতার ইতিহাসে যুদ্ধ কেবল বিজয়ের কাহিনি নয়; বরং তা অসংখ্য মানুষের কান্না, বেদনা ও হারানোর ইতিহাসও বহন করে। ট্রয়ের রমণীরা-এ ট্রয় নগরীর পতনের পর নারীদের অসহায়ত্ব, মাতৃত্বের আর্তনাদ, ক্ষমতার নিষ্ঠুরতা এবং যুদ্ধের নির্মম পরিণতি গভীর মানবিক আবেগে ফুটে উঠেছে। তাই হাজার বছরের পুরোনো এ নাটক আজও সমকালীন যুদ্ধবিধ্বস্ত বিশ্বের এক জীবন্ত প্রতিচ্ছবি হয়ে আছে। সপ্তাহে একটি বই পড়ির প্রতিষ্ঠাতা শাহ্জাহান কবীর বলেন, “পাঠচক্র কেবল বই পড়ার আয়োজন নয়; এটি মননশীল মানুষ গড়ে তোলার এক সাংস্কৃতিক আন্দোলন। ‘ট্রয়ের রমণীরা’ আমাদের শিখিয়ে দেয়— যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশু। আজকের পৃথিবীতে মানবতা, শান্তি ও সহমর্মিতার চর্চা যত বেশি প্রয়োজন, এই নাটকের আবেদনও তত বেশি গভীর হয়ে ওঠে।” সাংস্কৃতিক পর্বে নজরুলসংগীত পরিবেশন করেন রুমা রেজা সিমি। কবিতা আবৃত্তি করেন স্বপ্না খাতুন ও ইমিশা হাসান। এছাড়া গালিবের গজল থেকে নির্বাচিত অংশ আবৃত্তি করে শোনান কবি মামুন আজাদ। বই, বিতর্ক, পাঠ ও সংস্কৃতিচর্চার সমন্বয়ে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানটি যশোরের সাহিত্যাঙ্গনে নতুন প্রাণসঞ্চার করেছে। যুদ্ধবিরোধী চেতনা, মানবিক মূল্যবোধ ও মননশীল পাঠাভ্যাস গড়ে তোলার এই আয়োজন উপস্থিত দর্শক-শ্রোতাদের মনে দীর্ঘদিন অনুরণিত হবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)