শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শা সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় ৩৭৬ বোতল মাদক সিরাপ ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে মাদকবাহী একটি মোটরভ্যান জব্দ করা হয়। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার (২৩ মে) সকালে যশোরের শার্শা সীমান্তের গোগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরভ্যানসহ সাদেক আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি শার্শা উপজেলার গোগা গ্রামের মৃত সাবর আলীর ছেলে। এর আগে শুক্রবার (২২ মে) রাতে কায়বা বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৩৪৫ বোতল উইনিক্স মাদক সিরাপ উদ্ধার করেন। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ১ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। একইরাতে পাঁচভূলাট বিওপির আরেকটি অভিযানে ভারতীয় ৩১ বোতল এসকাফ মাদক সিরাপসহ তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোর জেলার সদর উপজেলার তাপসিরাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে রাসেল (৩৫), মফিজুল্লা মাস্টারের ছেলে জাকারিয়া (৩৯) ও একই জেলার ঝিকরগাছা উপজেলার হারিয়া বেলেমাঠ এলাকার গোলাম মর্তুজার ছেলে মারুফ হোসেন (২৮)। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, যশোরের শার্শা সীমান্তের গোগা ও কায়বা বিওপি এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে জোরদার টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তিদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।