নিজস্ব প্রতিবেদক: মায়ের কবর জিয়ারত করতে গিয়ে ইজিবাইক হারিয়েছেন আলীবুদ্দীন (৫০) নামে এক চালক। শুক্রবার (২৯ মে) দুপুরে যশোর শহরের ধর্মতলা কারবালা কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী আলীবুদ্দীন যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সিতারামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শহরের বাহাদুরপুর আড়পাড়া এলাকায় বসবাস করেন। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ও মালিক। লিখিত অভিযোগে তিনি জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকাল ৮টার দিকে নিজের ডলফিন ব্র্যান্ডের ইজিবাইক নিয়ে ভাড়া চালানোর উদ্দেশ্যে বের হন। দুপুরে ধর্মতলা কারবালা কবরস্থান এলাকায় এসে রাস্তার পাশে ইজিবাইকটি তালাবদ্ধ করে রেখে তিনি তার মরহুমা মায়ের কবর জিয়ারত করতে যান। তিনি অভিযোগ করেন, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে ধর্মতলা কারবালা মাদ্রাসার সামনে রাখা তার ইজিবাইকটি অজ্ঞাতনামা চোর বা চোরচক্র চুরি করে নিয়ে যায়। কবর জিয়ারত শেষে ফিরে এসে তিনি ইজিবাইকটি দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও এর সন্ধান পাননি। চুরি হওয়া ইজিবাইকটি হলুদ রঙের পাঁচটি কিং পাওয়ার ব্যাটারিযুক্ত ডলফিন ব্র্যান্ডের। এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। ইজিবাইকের সঙ্গে যশোর পৌরসভার প্রদত্ত ৩৩২৪ নম্বর লাইসেন্সও ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আলীবুদ্দীন জানান, ঘটনার বিষয়ে স্থানীয় ফাহিম মোল্যা, মিলন হাসানসহ একাধিক ব্যক্তি অবগত রয়েছেন। এছাড়া কারবালা মাদ্রাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হলে চোরদের শনাক্ত করা সম্ভব হতে পারে বলে তিনি মনে করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান, বলেছেন বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।