নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি : নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মধুমতি সেতুতে ঘুরতে এসে ঢাকাগামী যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী সাব্বির গাজী (১৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বন্ধু সৈকত হোসেন গাজী (১৯) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মহাসড়কের নড়াইলের লোহাগড়া উপজেলার আলমুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির যশোরের অভয়নগর থানার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে এবং আহত সৈকত হোসেন একই গ্রামের রিপন গাজীর ছেলে। গুরুতর আহত সৈকতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও তাদের পরিবার জানায়, ঈদের দিন সাব্বির ও সৈকত নামে দুই বন্ধু তাদের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থিত দেশের প্রথম ৬ লেনের মধুমতি সেতুতে ঘুরতে আসেন। সেতুটি দেখে বাড়িতে ফেরার পথে বৃহস্পতিবার বিকেলে ঢাকাগামী যাত্রীবাহী রোজিনা পরিবহনের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, আইনগত প্রক্রিয়া শেষে নিহত সাব্বির গাজীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।