নিজস্ব প্রতিবেদক : যশোরের ঐতিহ্যবাহী খেজুরের রসের সুনাম ও ঐতিহ্য সংরক্ষণে জেলার বিভিন্ন স্থানে ২০ লাখ খেজুর বীজ বপনের কর্মসুচি গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘উদ্যাম’। সোমবার (৮ জুন) এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশসেরা কৃষি কনটেন্ট ক্রিয়েটর জুয়েল রানা। এসময় উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক তাপস কুমার চক্রবর্তী, উদ্যামের আহ্বায়ক রিশাদ হাসান বিপ্পি, সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান, যুগ্ম আহ্বায়ক তাহানি আক্তার রুপা, তুহিন, সদস্য ওয়ালিউজ্জামান, ফয়সাল ইকবাল তমন, সুধাংশ বিশ্বাস, রাজন সালেহ, তানিয়া, রবিউল ইসলাম উজ্জল প্রমুখ। উদ্যামের সদস্য সচিব দেলোয়ার হোসেন দিলসান বলেন, আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী খেজুরগাছ। গত পাঁচ বছরে জেলায় প্রায় ৫০ হাজার খেজুরগাছ এবং প্রায় দেড় হাজার গাছি কমে গেছে। গাছ ও গাছির সংখ্যা হ্রাস পাওয়ায় বছরে প্রায় ৫৫ লাখ লিটার খেজুরের রস আহরণ কম হয়েছে। এর ফলে এ অঞ্চলে খেজুরের রস ও গুড় ক্রমেই দুষ্প্রাপ্য হয়ে উঠছে। এভাবে চলতে থাকলে একসময় হারিয়ে যাবে যশোরের যশ খেজুরের রস। তিনি আরও বলেন, যশোরের খেজুরগাছ শুধু একটি গাছ নয়, এটি এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির অংশ। এই ঐতিহ্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সেই লক্ষ্য উদ্যাম’-এর উদ্যোগে ২০ লক্ষ খেজুর বীজ বপনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী দুই সপ্তাহ ধরে যশোর জেলার বিভিন্ন সরকারি পতিত জমি ও সড়কের দুপাশে খেজুর বীজ বপন করা হবে। যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ কর্মসূচিতে সহযোগিতা করছে। উদ্বোধনী দিনে সদর উপজেলার কনেজপুর থেকে নিমতলা সাড়ে তিন কিলোমিটার সড়কে খেজুরের বীজ বপন করা হয়।