অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে আবাবিল আহমেদ (২০) নামে নেশাগ্রস্ত যুবককে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১২ জুন) রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আবাবিল আহমেদ উপজেলার বুইকারা গ্রামের সেন্টু আহমেদের ছেলে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানান, মাদক সেবনের পর মাতলামি করছে এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বুইকারা গ্রামে সেন্টু আহমেদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে নেশাগ্রস্ত অবস্থায় মাতলামি করার দায়ে আবাবিল আহমেদকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জাম। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, মাদকদ্রব্য সেবনের পর নেশাগ্রস্ত অবস্থায় জনগণের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে আটক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।