Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে তিন ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ১১:৪২:৩০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের সদর, বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় পৃথক তিনটি ঘটনায় স্বামী-স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহতরা হলেন খোকন সরদার (৫০) ও তার স্ত্রী শেফালী বেগম (৪৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রোববার সকাল ১০টার দিকে এ বিরোধের জেরে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে খোকন সরদার ও তার স্ত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত শেফালী বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে এবং খোকন সরদার পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় দায়তলা গ্রামের মেহেদী (২৫), মোমিন সরদার (৪০), আবুল হাশেম সরদার (৪০) ও মোহাম্মদ আলী সরদারের (২৫) নাম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
একই দিনে বাঘারপাড়া উপজেলার ২ নম্বর বন্দবিলা ইউনিয়নের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় শোরুমের ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে মারধরের ঘটনা ঘটে।
আহতরা হলেন তেলিধান্যপাড়া গ্রামের আব্দুল হামিদ ডাকো (৬২) এবং তার ছেলে সানভিরাজ শশি (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত একটি ওয়ালটন শোরুমের ভাড়াটিয়াকে শোরুম ছেড়ে দেয়ার কথা বলেন মালিকপক্ষের আব্দুল হামিদ ডাকো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, সুজন, সুমন, রনি, মোস্তাকসহ কয়েকজন আব্দুল হামিদ ও তার ছেলের ওপর হামলা চালায়।
এ সময় হামলাকারীরা রামদা, লোহার পাইপ, রড ও চেয়ার দিয়ে তাদের মারধর করে আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আব্দুল হামিদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সানভিরাজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
ঘটনার খবর পেয়ে খাজুরা পুলিশ ক্যাম্পের এএসআই বিল্লাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে অভয়নগরের নওয়াপাড়ায় রবি শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নওয়াপাড়া নুরবাগ মেডিসিন কর্নারের পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত রবি শেখ বাগেরহাট সদর উপজেলার বাদশালা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ট্রেনে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে নেমে গলি দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত ধারালো চাকু দিয়ে তার বুকের ডান পাশে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত রবি শেখ দাবি করেছেন, হামলার পর তার কাছে থাকা একটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয়েছে।
অভয়নগর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনটি ঘটনাতেই আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)