Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরসহ ১০ হাসপাতালে আইসিইউ উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

এখন সময়: রবিবার, ১৪ জুন , ২০২৬, ১১:৪২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে ১০ জেলায় আইসিইউ উদ্বোধন করেন তিনি। এসময় ভার্চুয়ালি উদ্বোধন করা হয় যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, শেরপুর ও মাদারীপুর জেলা হাসপাতালের আইসিইউ।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী সাখাওয়াত হোসেন বলেছেন, ‘দেশের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। সারা দেশে শুধু মেয়েদের জন্য দেড় হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল করা হবে। এ ছাড়া সারা দেশে ১ হাজার শয্যার ২০টি হাসপাতাল করা হবে।’
তিনি আরও বলেন, ‘বিগত স্বৈরাচার সরকার ও অদক্ষ তত্ত্বাবধায়ক সরকার দেশের টিকা কার্যক্রম চালানোর জন্য টিকার মজুত আমাদের জন্য রেখে যায়নি। টিবি ইনজেকশনের কোনো সিরিঞ্জ ছিল না। ভিটামিন এ ক্যাপসুল নাই, জলাতঙ্কের ভ্যাকসিন ছিল না। আমরা বিপর্যস্ত রাজনৈতিক ও স্বাস্থ্যগত পরিস্থিতিতে ক্ষমতা নিয়েছিলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে পর্যাপ্ত পরিমাণ হামের ভ্যাকসিন সংগ্রহ করে টিকা প্রদান করা হয়েছে।’
যশোরে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন, যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মোহাম্মদ আহসান হাবিব, ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত, আবাসিক মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, ‘করোনারি কেয়ার ইউনিটে নতুন আইসিইউ ও আইসোলেশন ইউনিট ২০২৩ সালের ১৪ নভেম্বর মাসে প্রস্তুত করা হয়। জরুরি রোগীদের জন্য উন্নতমানের ভেন্টিলেটর, হাইফ্লো অক্সিজেন সুবিধা, আধুনিক ন্যাজাল ক্যানোলা ও বিভিন্ন লাইফ সাপোর্ট মেশিন রয়েছে। নতুন ইউনিটে চিকিৎসক ও নার্সদের দায়িত্ব পালনের জন্য আলাদা কক্ষ আছে। শুধু মাত্র লিফটের অভাবে এটি চালু করা সম্ভব হয়নি। রোববার সকালে স্বাস্থ্যমন্ত্রী আইসিইউ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। আশা করছি খুব শিগগির কার্যক্রম চালু হবে।’
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএরও) ডা. আহসান কবির বাপ্পি জানান, ‘নতুন আইসিইউ পুর্ণাঙ্গভাবে চালু করার জন্য প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন এটা অত্যন্ত খুশির খবর। পূর্ণাঙ্গ আইসিইউ চালু হলে যশোরবাসী আধুনিক চিকিৎসাসেবা পাবেন।’
উল্লেখ্য, করোনা পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠার কারণে গত ২০২১ সালে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১০ শয্যার আইসিইউ ওয়ার্ড করার জন্য ১০ টি ভেন্টিলেটর চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠায় কর্তৃপক্ষ। জুন মাসে মন্ত্রণালয় ৬ টি ভেন্টিলেটর বরাদ্দ পায়। জুলাই মাসের প্রথম সপ্তাহে ৬টি ভেন্টিলেটর হাসপাতালে এসে পৌঁছায়। পরে দক্ষ চিকিৎসক, সেবিকা, ৬টি শয্যা, মনিটর , অক্সিজেন, পাইপ লাইনসহ অন্যান্য যন্ত্রপাতি বরাদ্দের ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়। নভেম্বর মাসে ৫ টি বেডের বরাদ্দ পাওয়া যায়। এরমধ্যে সিএমএসডি থেকে বেড , অক্সিজেন সিলিন্ডার ও হাইফ্লো ন্যাজাল ক্যানোলা বরাদ্দ আসে। পরে বিভিন্ন বিশিষ্টজনের সহায়তায় হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে স্থাপিত আইসিইউতে ১০ টি শয্যা চালু করা হয়। পরে রোগীর চাপ বাড়ায় করোনারি কেয়ার ইউনিটের চতুর্থ তলায় নতুন করে ১০ শয্যার আইসিইউ এবং ২০ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। লিফটের অভাবে কার্যক্রম থমকে আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)