কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার ও তার পরিবারের সদস্যদের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের আড়পাড়া দর্গার পশ্চিম পাশে এ হামলার ঘটনাটি ঘটে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিবলু ও মিলন হোসেন নামে দুইজনকে আটক করেছে। শুক্রবার সকালে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের পুত্র বাদী আশরাফুল আলম রানা জানান-শহরের দক্ষিণ আড়পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছিল। এর সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে তিনি ও তার পিতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা তার পিতা আনোয়ার হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে আসলে রানার অন্তঃসত্ত্বা স্ত্রী মারুফা আক্তার মিতু, মা আশাতারা পারভীন, বোন হীরা খাতুন, চাচী নাজমা বেগম ও চাচাতো ভাবী সালমা বেগমকেও মারধর করে। শেষে হামলাকারীরা বাড়ি ভাঙচুর চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। আহত আনোয়ার হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মো. রিপন, মো. শিবলু, মো. মিলন হোসেন, নাজমুল হোসেন, নাজমা বেগম ও মো. কাজলসহ অজ্ঞাতনামা আরও ১০ / ১২ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন-ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই আসামিকে আটক করেছে। অভিযোগ দায়ের হয়েছে। জড়িত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।