চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় আতিয়ার রহমান (৪০) নামে এক বাঁওড় পাহারাদারের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে চৌগাছা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত আতিয়ার রহমান চৌগাছা সদর ইউনিয়নের লস্কারপুর গ্রামের সবেদ আলীর ছেলে। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন এবং বেড়গোবিন্দপুর বাঁওড়ের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেন। একই সঙ্গে বাঁওড়ের পাশে থাকা তার একটি গভীর নলকূপের মাধ্যমে কৃষিকাজ ও সেচ কার্যক্রম পরিচালনা করতেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বাড়ি থেকে কাজে বের হলেও আতিয়ার রহমান আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাওড়ের পাশের একটি খালের মধ্যে পটের নিচে তার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আতিয়ার রহমানের মরদেহ উদ্ধার করে। মরদেহের গলা কাটা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালাচ্ছে।