ফরহাদ খান, নড়াইল: গ্রামীণ পরিবেশে বাড়ির আশপাশে ও বন-জঙ্গলে উৎপাদিত করমচা, ডেওয়া, ডুমুর, শরিফা বা শরু ফল, স্থানীয় খেজুর, আশফল, লটকন, খুদে জামসহ বিভিন্ন প্রজাতির দেশি ফলের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়। নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার বেবি কেয়ার স্কুলের উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফল উৎসবের উদ্বোধন করেন-জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। স্কুলের সভাপতি যশোর ক্যান্টনমেন্ট কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বোরহানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, স্কুলের পরিচালক রবিউল ইসলাম রুবেল, প্রধান শিক্ষক সোনিয়া ফেরদৌস যুথিসহ অনেকে। দেশি ফল এবং গাছের চারা বিতরণ উৎসবে ৪৫ প্রজাতির ফলের প্রদর্শনী করা হয়। যার মধ্যে বেশির ভাগই দেশি ফল রয়েছে। আয়োজকরা জানান, শহরের শিশু শিক্ষার্থীরা যাতে গ্রামীণ পরিবেশ এবং বন-জঙ্গলে উৎপাদিত ফলের সঙ্গে পরিচিত হতে পারে, সেই লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। এসব ফলের পুষ্টিগুণ সর্ম্পকেও তাদের ধারণা দেয়া হয়েছে। এছাড়া দেশি ফল বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে।