নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল ইসলামের (৫৫) হাত পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার লস্করপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত রেজাউল ইসলাম ফতেপুর গ্রামের মহব্বত আলীর ছেলে। তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, ফতেপুরের আতিয়ার রহমান হত্যাকান্ডের জেরে রেজাউলের ওপর হামলা হয়েছে। তিনি হত্যা মামলার তিন নম্বর আসামি আব্দুল আলিম ভাই। আহতের স্বজন মেহেদি হাসান জানান, সকাল সাড়ে ৭ টার দিকে রেজাউল ইসলাম মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় লস্করপুর গ্রামের ছবেদ আলীর ছেলে রাশেদ ও ইকবালসহ কয়েকজন তাকে ধরে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত রেজাউল ইসলাম জানান, ফতেপুর বাওড়ের নৈশপ্রহরী নিহত আতিয়ারের ভাই রাশেদের নেতৃত্বে তার ওপর হামলা করা হয়েছে। এসময় দুর্বৃত্তরা তাকে পাইপ দিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেয়। তার ভাই আব্দুল আলিম নাকি আতিয়ার খুনের সাথে জড়িত বলে তাকে পেটানো হয়েছে। হাসপাতালের অর্থো-সার্জারী বিভাগের চিকিৎসকরা জানান, আহত রেজাউল ইসলামের হাত-পা’র হাড় ভেঙে যাওয়ায় তার অবস্থা গুরুতর। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, ফতেপুর বাওড়ের নৈশপ্রহরী আতিয়ার খুনের জের ধরে রেজাউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি (রেজাউল) ওই হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামির ভাই। পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।