নিজস্ব প্রতিবেদক: কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অস্থিরতার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। বুধবার বিকালে শহরের ঈদগাহ মোড়ে জেলা যুবদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল কবীর পল। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয় বাংলাদেশে। জনগণের সিদ্ধান্তেই আওয়ামী নিষিদ্ধ। দীর্ঘ ক্ষমতায় থেকে আওয়ামী লীগ হাজার হাজার বেনজির তৈরি করেছে, এসব বেনজীর একদিকে দেশে দুঃশাসন চালিয়েছে; অন্যদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। তারা বিদেশে বসে ফ্যাসিবাদের উত্থানে আওয়ামী লীগের নিরিহ কর্মীদের উস্কানি দিচ্ছে। দেশে ‘ফ্যাসিবাদের’ পুনরুত্থানের সুযোগ নেই। জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ আছে। তাই ফ্যাসিবাদের যেকোনো ইঙ্গিত বা অশুভ তৎপরতা প্রতিহত করতে হবে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। ভবিষ্যতে এ ধরনের কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।’ জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, আবু আতিক আল হাসান মিন্টু, শফিকুল ইসলাম শফিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা। সমাবেশে নেতৃবৃন্দ শহরের বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট এলাকায় যেয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবেনা, সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা, তারেক রহমানের বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগান দেন।