Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার দায় স্বীকার এনামুলের

এখন সময়: বৃহস্পতিবার, ২৫ জুন , ২০২৬, ১২:২৮:০২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোরে ব্যাংক কর্মকর্তার ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় প্রতারক চক্রের সদস্য আটক এনামুল শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ঘটনার দিন তারা তিনজন মিলে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল বলে জানায় এনামুল শেখ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল আসামির এই জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আটক এনামুল বাগেরহাট সদর উপজেলার নুনাডাঙা গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি ঢাকার কামরাঙ্গীরচরে ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার মধ্যরাতে ঢাকার কামরাঙ্গীরচর রসুলপুর বালুরমাঠ এলাকা থেকে তাকে যশোরের ডিবি পুলিশ আটক করে। মামলার অভিযোগে জানা গেছে- ভুক্তভোগী খলিলুর রহমান কৃষি ব্যাংক খেদাপাড়া শাখা, মণিরামপুরের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন। তিনি মণিরামপুর উপজেলার বিগড়কোনা গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যশোর শহরের ভোলাট্যাংক রোডের বাসিন্দা। গত ১৯ জানুয়ারি দুপুর ১টার দিকে কৃষি ব্যাংকের খেদাপাড়া শাখা থেকে ব্যক্তিগত প্রয়োজনে ১২ লাখ টাকা উত্তোলন করে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে দুপুর ১টা ২০ মিনিটের দিকে এক অপরিচিত ব্যক্তি ফোন করে ব্যাংকে টাকা জমা দেবেন বলে কথা বলতে চান। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি চাঁচড়া কাঁচাবাজার এলাকায় পৌঁছালে অপরিচিত ২-৩ জন তার কাছে আসেন এবং কথাবার্তার একপর্যায়ে তার মুখের সামনে চেতনানাশক স্প্রে করলে তিনি অস্বাভাবিক হয়ে পড়েন। পরে তিনি স্বাভাবিক হয়ে দেখতে পান তার টাকার ব্যাগটি নেই। এই ঘটনায় ২০ জানুয়ারি তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলাটি প্রথমে থানা পুলিশ এবং পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। তথ্য প্রযুক্তির মাধ্যমে এনামুল শেখকে সনাক্ত করে মঙ্গলবার আটক করে বুধবার যশোরের আদালতে সোপর্দ করে ডিবি পুলিশ। আটক এনামুল ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা এবং অপর জড়িত দুজনের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)