নিজস্ব প্রতিবেদক : যশোর শহরে যত্রতত্র যানবাহন পার্কিং, ফুটপাত দখল এবং যানজট সৃষ্টিকারী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ট্রাফিক পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭টা মোটরসাইকেল জব্দ ও মামলা দিয়ে ৯ হাজার টাকা জরিমান আদায় করা হয়। ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাফুজুর রহমানের নেতৃত্বে একাধিক টিম শহরের দড়াটানা, হাসপাতাল মোড়, গাড়িখানা, এমকে রোড, লালদিঘীসহ গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালান। অভিযান চলাকালে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা সাতটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি অপরাধে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মালিকদের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি প্রায় ২০ জন যানবাহনের মালিককে সতর্ক করা হয় এবং ফুটপাত দখল করে ব্যবসা না করতে দোকানিদেরও সচেতন করা হয়। ট্রাফিক ইন্সপেক্টর মাফুজুর রহমান জানান, যশোর শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে। বিশেষ অভিযানের অংশ হিসেবে আজকের এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যত্রতত্র গাড়ি পার্কিং, ফুটপাত দখল এবং ট্রাফিক আইন অমান্যের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।