নিজস্ব প্রতিবেদক : যশোরে রিমা খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর পক্ষের লোকজনের হামলায় পিতা পক্ষের ৫ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার রুপদিয়ার গোপালপুরে তাদের ওপর হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলেন, বালিয়াডাঙ্গা গ্রামের আবুল কালামের ছেলে রমজান আলী (৩০), সিদ্দিক মিয়ার ছেলে সোহেল রানা (৪২), আব্দুল জব্বারের ছেলে হাসনাত (৩৫), হাফিজুর রহমানের ছেলে অন্তু (২২) ও আনোয়ারুল কবীরের ছেলে অপু হোসেন (৩৫)। তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ওই গৃহবধুর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, গোপালপুর গ্রামের টিপুর সঙ্গে বালিয়াডাঙ্গা গ্রামের অথেল মোল্যার মেয়ে রিমার ৫ বছর আগে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুই ছেলে সন্তান রয়েছে। এরমধ্যে ১ জনের বয়স ৩ বছর ও অপরজনের বয়স ৪ মাস। মঙ্গলবার বিকেলে রিমা খাতুনের শ্বশুরবাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয়। নিহতের চাচা সুমন হোসেন জানান, রিমার মৃত্যুর খবর শুনে পিতা পক্ষের লোকজন শ্বশুর বাড়িতে গেলে বলা হয় রিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিন্তু তারা সন্দেহ করেন পারিবারিক কলহের জের ধরে স্বামী টিপু তাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। মৃত্যুর ঘটনার প্রতিবাদ করা হলে শ্বশুর পক্ষের লোকজন হামলা চালিয়ে রিমার দুই চাচা ও তিন চাচাতো ভাইকে বেধড়ক মারধর করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন। এদিকে, মারধরের সময় হামলাকারীরা নিহত রিমার আপন ভাই লিটন হোসেনকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মুক্ত করে। পরে নিহত রিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুমন আরও জানান, ৪ মাসের সন্তান রেখে রিমা আত্মহত্যা করতে পারেনা। তাকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি দাবি করেছেন। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পিতা পক্ষের অভিযোগ গৃহবধূ রিমাকে হত্যা করা হয়েছে। আর শ্বশুর বাড়ির লোকজনের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শ্বশুর পক্ষের হামলায় পিতা পক্ষের ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের পর রিমার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।