নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের চাঁচড়া দারোগার মোড় এলাকা থেকে চুরি হওয়া একটি ইজিবাইক এক বছর ৮ মাস পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপশহর ক্লাব মোড় এলাকা থেকে ইজিবাই উদ্ধার ও ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলো, যশোর শহরের শঙ্করপুর বাসটার্মিনাল এলাকার আব্দুস সাত্তারের ছেলে আব্দুল বাতেন, আব্দুর রহিমের ছেলে সজীব, মৃত মোশারফ উদ্দিনের ছেলে সোহাগ ও সৈয়দ নুর ইসলামের ছেলে টিপু জামান। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁচড়া এলাকার বাসিন্দা আবু হানিফ ২০২৪ সালের ২৩ অক্টোবর রাতে তার ডলফিন ব্র্যান্ডের ইজিবাইকটি ভাড়া বাসার ভেতরে চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন, ইজিবাইকটি চুরি হয়ে গেছে। এ ঘটনা তিনি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে চাঁচড়া পুলিশ ফাঁড়ি। বুধবার রাতে এসআই মিজবা উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ক্লাব মোড় এলাকা থেকে চুরি যাওয়া ইজিবাইকটি উদ্ধার করেন। এ সময় ঘটনার সথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।