Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে জুলাইযোদ্ধাদের হত্যার হুমকি দিয়ে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ

এখন সময়: মঙ্গলবার, ৭ জুলাই , ২০২৬, ০৭:৫৫:১৭ পিএম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মী নড়াইলের পাঁচ জুলাইযোদ্ধাকে হত্যার হুমকি দিয়ে দেড় লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা ১১ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী জুলাইযোদ্ধাদের মারতে পারলে ফেসবুকে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা করে পুরস্কারের ঘোষণা করেছেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের ১১ জন নেতাকর্মী। যাদের নামে থানায় অভিযোগ করা হয়েছে, তারা হলেন-বঙ্গবন্ধু জাতীয় পরিষদ, নড়াইল জেলার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান নয়ন (৩৮), সহ-সভাপতি সৌরভ কর্মকার (২৬), নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগরী উত্তর শাখার যুগ্মসাধারণ সম্পাদক নড়াইলের লোহাগড়া উপজেলার কুন্দসী গ্রামের সজিবুল ইসলাম হৃদয় (২৬), একই এলাকার শাহাদাত হোসেন রায়হান (২৫), লোহাগড়ার চাচই গ্রামের আরব শিকদারের ছেলে ইমন শিকদার (২৪), লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক চাচই গ্রামের সাইফুল জমাদ্দারের ছেলে মিলন জমাদ্দার (২৯), মল্লিকপুর গ্রামের ইস্রাফিল (২৫), কাশিপুর ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সজীব চৌধুরী (২৬), লোহাগড়ার কালনা গ্রামের এস কে আসলাম (২৫), নড়াইল গ্রামের মহসীন বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ আল জাবের লোটাস (৪০) এবং সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের সিবানন্দপুর গ্রামের আজগর শেখের ছেলে জুবায়ের শেখ (২০)। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানা বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এলোমেলো কর্মকান্ড শুরু করেছে। পাগলের প্রলাপ বকছে। দেশ-বিদেশসহ বিভিন্ন অজ্ঞাত স্থানে পালিয়ে থেকে ফেসবুকে আমাদের হত্যার হুমকি দিচ্ছে। থানায় অভিযোগ করেছি। তাদের আইনের আওতায় আনা জরুরি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক তরুণ কবি মিনহাজুল ইসলাম বলেন, আমাকেসহ পাঁচজনকে মারার জন্য অভিযুক্তদের ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আমি মিনহাজুল ইসলামসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ও আহত জুলাইযোদ্ধা আব্দুর রহমান মেহেদী, সদস্য সচিব আমিরুল ইসলাম রানা, মুখ্য সংগঠক ও গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা তুহিন মোল্যা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নড়াইল পৌর কমিটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ রয়েছেন। এদিকে অভিযুক্তদের মধ্যে নড়াইল গ্রামের আব্দুল্লাহ আল জাবের লোটাস দাবি করে বলেন, যিনি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন, তাকে আমি ব্যক্তিগত ভাবে চিনিও না। আমার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ কিসের ভিত্তিতে আনা হয়েছে, সেটি আমার বোধগম্য নয়। তবে, অভিযুক্ত আব্দুল্লাহ আল জাবের লোটাস ছাড়া অন্যদের বক্তব্য চেষ্টা করেও পাওয়া যায়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)