নিজস্ব প্রতিবেদক : ক্যান্টনমেন্ট কলেজ যশোরে মঙ্গলবার বর্ষাকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক স্টাডিজ বিভাগের উদ্যোগে সকাল সাড়ে ১১ টায় বিভাগের সেমিনার কক্ষে উৎসবমুখর পরিবেশে হয় এ আয়োজন। অনুষ্ঠানে বর্ষাকালের ২৬ প্রকারের দেশীয় ও মৌসুমি ফলের মনোমুগ্ধকর সমাহার সকলের দৃষ্টি আকর্ষণ করে। ফল উৎসবকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে ছিল প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ। ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ যশোরের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইয়েদা রেশমা পারভীন। এছাড়াও কলেজের অধ্যাপকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাগণ এবং ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান,সিনিয়র শিক্ষক ড. তবিবর রহমানসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আক্তার হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নানা উপদেশ দেন। তিনি শিক্ষার্থীদের এ ধরনের ব্যতিক্রমী ও শিক্ষণীয় আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং বিভিন্ন মৌসুমি ফলের সমাহারে ফল উৎসবের আয়োজন করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তুলতে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান। এ সময় বিভাগের বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার আবহে অনুষ্ঠিত এ ফল উৎসব প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অতিথিবৃন্দ এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা,পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং দেশীয় মৌসুমি ফলের প্রতি আগ্রহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন।