নিজস্ব প্রতিবেদক : চৌগাছায় স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের (ব্যভিচার) অভিযোগে খালাতো ভাই মাসুদ রানা সোহেলের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক প্রবাসী। বৃহস্পতিবার চৌগাছার হায়াতপুর গ্রামের নান্নু হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজ অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন চৌগাছা থানার ওসিকে। আসামি মাসুদ রানা সোহেল একই উপজেলার আন্দুলিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, প্রায় ১৮ বছর আগে মুসলিমা খাতুনকে বিয়ে করেন নান্নু হোসেন। তাদের দুই সন্তান রয়েছে। ২০২৪ সালে নান্নু হোসেন স্ত্রী সন্তানদের চৌগাছায় ভাড়া বাড়িতে রেখে পরিবারের ভরণপোষণের জন্য বিদেশে যান। বিদেশে অবস্থানকালে তিনি নিয়মিত স্ত্রীর কাছে সংসার পরিচালনার জন্য অর্থ পাঠাতেন। বিদেশে থাকাকালে তিনি জানতে পারেন, তার খালাতো ভাই মাসুদ রানা সোহেলের সঙ্গে তার স্ত্রীর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠেছে। পরে তার স্ত্রী দুই সন্তানকে নানাবাড়ি পাঠিয়ে দেয়। চৌগাছার ভাড়া বাড়ি ছেড়ে দিয়ে আসামি মাসুদ রানা সোহেলের সাথে ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর এলাকায় একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস করছেন। কাউকে না জানিয়ে নান্নু হোসেন দেশে ফিরে চৌগাছার ভাড়া বাড়ির মালিকের কাছে ও ঝিকরগাছায় যেয়ে তার স্ত্রীর সন্ধান পান। এরপর মুসলিমরা খাতুন নগদ টাকা ও গহনা নিয়ে তার পিতার বাড়ি চলে যান। আসামি তার স্ত্রীর বৈবাহিক পরিচয় জানার পরও স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস ও শারীরিক সম্পর্ক স্থাপন করে ব্যভিচারের অপরাধ করাই তিনি আদালতে মামলা করেছেন।