ফরহাদ খান, নড়াইল : ‘তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভা, শ্রেষ্ঠ মাঠকর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক আলিফ নূরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডা: আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রবীর কুমার সেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাবিব, ডা: নুসরাত জাহানসহ অনেকে। বক্তারা বলেন, আজকের বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন ও আশা-আকাঙ্খার বাংলাদেশ। আমাদেরকে বুঝতে হবে তাদের আশা-আকাঙ্খার কথা। তারা কী চায়, তারা কীভাবে সেবা পেতে চায়। তাদের প্রত্যশাটা কী, তারা কোন লক্ষ্যে পৌঁছাতে চায়। এটা আমাদের বিবেচনায় এনে, প্রতিটি দপ্তর যদি কাজ করি, তাদেরকে সমর্থন করি; তাহলে আমরা একটি প্রগতিশীল বাংলাদেশ গড়ে তুলতে পারব। অর্থাৎ উন্নত ও সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা দেখতে পাবো। এই প্রত্যাশা ব্যক্ত করছি। এদিকে, শ্রেষ্ঠকর্মী হিসেবে সম্মাননা পেয়েছেন-পরিবার কল্যাণ সহকারী ছিয়ারন নেসা, রোজিনা খাতুন ও জুয়েল ভূঁইয়া এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মেহেরা গুলশান। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পেয়েছে-নলদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদ, লোহাগড়া উপজেলা পরিষদ, নড়াইল সদরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং সদরের বেসরকারী স্বেচ্ছাসেবী ক্লিনিক আরএইচস্টেপ। #