নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়েছে দুই খুদে শিক্ষার্থী। প্রকাশিত ফলাফলে সাধারণ কোটায় বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে দর্শন বিশ্বাস ও তার ফুফাতো ভাই স্বপ্নিল বিশ্বাস স্বর্গ। তারা দুজনেই সাংবাদিক ও শিক্ষক উজ্জ্বল বিশ্বাসের যথাক্রমে ছেলে ও ভাগ্নে। ১২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল একযোগে সারাদেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, কৃতি শিক্ষার্থী দর্শন বিশ্বাস যশোর জেলার বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী 'ছাতিয়ানতলা প্রি-ক্যাডেট চাইল্ড কেয়ার একাডেমি' থেকে পরীক্ষায় অংশ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। অন্যদিকে, স্বপ্নিল বিশ্বাস স্বর্গ সাতক্ষীরা সদর উপজেলার 'ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়' থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে একই বিভাগে (সাধারণ কোটা) বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। দুই মেধাবী শিক্ষার্থীর এই অনন্য সাফল্যে আনন্দের বন্যা বইছে তাদের পরিবার ও এলাকায়। এই গৌরবময় অর্জনের পর পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সাথে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনায় সকলের কাছে আশীর্বাদ ও দোয়া প্রার্থনা করেছেন তারা। মেধাবী এই দুই শিক্ষার্থী ভবিষ্যতে যেন বড় হয়ে দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত করতে পারে—এমনটাই প্রত্যাশা তাদের পরিবার ও শিক্ষকদের।