অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে মোটরসাইকেল চুরির সন্দেহে তৌহিদ সরদার (৩২) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা। বুধবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সুন্দলী ইউনিয়নের সুন্দলী কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। আহত তৌহিদ সরদার যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া গ্রামের তৈয়ব আলী সরদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সুন্দলী কাঁচাবাজারের সামনে রাখা একটি মোটরসাইকেল চুরির চেষ্টা করছেন, এমন সন্দেহে স্থানীয়রা তৌহিদকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রাখে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমান সবুজ জানান, গণপিটুনির শিকার ওই যুবকের শারীরিক অবস্থা গুরুতর। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মোটরসাইকেল চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক যুবককে সুন্দলী কাঁচাবাজার এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন।