নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার নূর-উন-নবীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মরহুমের পরিবারের উদ্যোগে বুধবার (১৫ জুলাই) বিকেলে যশোর শহরের ছোটোনের মোড় এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মরহুম নূর-উন-নবীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে বস্ত্র তুলে দেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। এছাড়া মরহুমের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জাহানারা বেগম, জ্যেষ্ঠ পুত্র খুরশিদ ইসলাম বাবুসহ পরিবারের অন্যান্য স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মরহুম নূর-উন-নবী আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর সেই স্মৃতি ও আদর্শকে ধরে রাখতেই প্রতি বছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে এ ধরনের সাহায্য ও সহযোগিতা কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পরিবারের সদস্যরা।