নিজস্ব প্রতিবেদক : তিন বোতল ফেনসিডিলের মামলার সাত বছর পর মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন বেনাপোলের শিবনাথপুর গ্রামের দক্ষিণপাড়ার সালাউদ্দিনের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের ১২ নভেম্বর বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শিবনাথপুর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় দেলোয়ার পালিয়ে গেলেও ঘর তল্লাশিকালে ব্যাগের মধ্যে লুকিয়ে রাখা তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সৈয়দ নূর মোহাম্মদ বাদি হয়ে পলাতক দেলোয়ার হোসেনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। এ মামলা তদন্ত শেষে পলাতক দেলোয়ার হোসেন কে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম করাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দেলোয়ার হোসেন কারাগারে আটক আছে।