নিজস্ব প্রতিবেদক : যশোরে সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় যশোর জেলা জাতীয় পার্টির উদ্যোগে শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা তরুণ পার্টির আহ্বায়ক মনিরুজ্জামান হিরনের সঞ্চালনায় এবং জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরীফুল ইসলাম সরু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শরীফুল ইসলাম সরু চৌধুরী বলেন, “পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। তাঁর নয় বছরের শাসন আমলে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উপজেলা ব্যবস্থা প্রবর্তন, অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সুবিধা পৌঁছে দেওয়াসহ দেশের মানুষের কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে আরও সুসংগঠিত করে পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কৃষক পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম লিয়াকত হোসেন চাকলাদার, যুগ্ম আহ্বায়ক শেখ হুমায়ূন কবির শাওন এবং মনিরামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা হুসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।