নিজস্ব প্রতিবেদক : যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ জুলাই) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদল অভিযানটি পরিচালনা করে। বিজিবি জানায়, মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় ৫ কেজি গাঁজা, ১১টি ভারতীয় শাড়ি, ১ কেজি ফুসকা, ৮ প্যাকেট সিগারেট, ২০ প্যাকেট পাতার বিড়ি, ৩৯৫টি ওষুধ ও ২৯৮টি কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য ২ লাখ ৪৬ হাজার ৯৫০ টাকা। যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য পাচার চক্রকে আটকে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলছে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।