নিজস্ব প্রতিবেদক : যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় অর্পা খাতুন (১৩) নামে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে বখাটে মাহিম। রোববার (২ আগস্ট) দুপুড় দেড়টার দিকে সদর উপজেলার দায়তলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনাটি ঘটে। আহত অর্পা ফতেপুর গ্রামের সবুর মোল্যার মেয়ে এবং ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছে। আহত অর্পা জানায়, ভগবতীতলা গ্রামের মহাসিন আলীর ছেলে মাহিম হোসেন তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্ত সে তার প্রস্তাবে রাজি হয়নি। রোববার দুপুর দেড়টার দিকে সে বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে ছিলো। বখাটে মাহিম সেখানে এসে তাকে ফের প্রেমের প্রস্তাব দেয়। এ সময় তার প্রস্তাব প্রত্যাক্ষাণ করলে মাহিম ক্ষুব্ধ হয়ে তার ডান হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে অর্পাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, ছুরিকাহত অর্পা আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী জখমের ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।