জীবননগর প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার রোধে সফল অভিযান পরিচালনা করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় মোঃ রবিউল ইসলাম (৩৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধারকৃত স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাজমুল হাসান এর কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ছিল যে, দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি চৌকস টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। ১ আগস্ট শনিবার বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮ এর দিকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর এ ধরনের গোয়েন্দা ভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।