বিল্লাল হোসেন : যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে চাঁদার টাকা না দেওয়ায় একটি অসহায় পরিবারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় মাদকসেবী হাসনাত এই তাণ্ডব চালিয়েছে। ভুক্তভোগী আলেয়া রহমান এ ঘটনায় যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে মাদকসবী হাসনাত ক্ষুব্ধ হয়ে আলেয়াকে হত্যার হুমকি দিয়েছে বলে ভুক্তভোগীর অভিযোগ। চুড়ামনকাটি উত্তরপাড়ার মৃত মতিয়ার রহমানের স্ত্রী আলেয়া রহমান লিখিত অভিযোগে উল্লেখ করেছেন, চাকরির সুবাদে তার ছেলেরা ঢাকায় থাকেন। ফলে তিনি বাড়িতে একা বসবাস করেন। এই সুযোগে প্রতিবেশী মাদক ও সুদে কারবারী নাসিরের ছেলে মাদকসেবী হাসনাত তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে হাসনাত বেপরোয়া হয়ে ওঠে। রোববার (২ আগস্ট) দুপুরে হাসনাত ওই বাড়িতে গিয়ে তার কাছে ফের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় হাসনাত তাকে মারতে উদ্যত হয়। তিনি দৌঁড়ে ঘরে চলে যান। এসময় হাসনাত হামলা চালিয়ে ঘর-বাড়ি ভাঙচুর করে। তিন মাস আগেও চাঁদা না পেয়ে তার বাড়ি ভাঙচুর করেছিলো হাসনাত। তখন এলাকাবাসী ঘটনাটি নিষ্পত্তি করে দিয়েছিলেন। আলেয়া বেগমের অভিযোগ, থানায় অভিযোগ দেওয়ার খবর শুনে মাদকসেবী হাসনাত আরও বেপরোয়া হয়ে উঠেছে। তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বাড়িতে একা থাকায় ভয়ে আতঙ্কে সময় পার করছেন। চুড়ামনকাটির সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এ এস আই নিয়ামুল ইসলাম জানান, বৃদ্ধা আলেয়া বেগমের অভিযোগ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।