মিরাজুল কবীর টিটো: এবছর এসএসসি পরীক্ষায় ইংরেজি ও গনিত খারাপ হওয়ায় যশোর শিক্ষা বোর্ডে ফলাফল বিপর্যয় ঘটেছে। বোর্ডের চেয়ারম্যানের সভা কক্ষে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর হোসেন আলী।
বোর্ডের দেয়া ফলাফল শীটে জানানো হয়েছে, এসএসসি পরীক্ষায় বোর্ডে ১ লাখ ৩২ হাজার ৯৪০ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৮৮ হাজার ৯২। পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৬৯ শতাংশ।
এদিকে যশোর জেলায় পাসের হারে শীর্ষে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। এ স্কুল থেকে ৯৩ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৮৯ পরীক্ষার্থী।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৮ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৪৭। পাসের হার ৯৫ দশমিক ৭৪ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১২৪। গত বছর পাসের হার ছিল শতভাগ পাস।
জিলা স্কুলে ২৫৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৩৫। পাসের হার ৯২ দশমিক ২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৩২ পরীক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৯৯ শতাংশ।