নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের কারবালা কবরস্থানে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আবুল কালাম আজাদ নামে এক বৃদ্ধের দাফনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বজনদের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে তাঁর দাফনের সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দাফনের সময় মৃতের ভাগ্নি মাসুমার স্বজনেরা এসে বাধা দেন। তাঁদের অভিযোগ, পারিবারিক সম্পত্তির অংশ থেকে মাসুমাকে বঞ্চিত করা হয়েছে। তবে অন্য স্বজনেরা অভিযোগ অস্বীকার করে জানান, বিরোধপূর্ণ জমিটি মৃত আবুল কালাম আজাদ নিলামে কিনেছিলেন এবং পৈতৃক সম্পত্তি আগেই ভাইবোনদের মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে বাধাদানকারীরা চলে যান এবং দাফন সম্পন্ন হয়।