শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শনিবার দিনভর আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে এ পথে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। এতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের বিভিন্ন স্থানে পণ্যবাহী কয়েক শত ট্রাক আটকা পড়েছে। বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় বন্দরে ট্রাক ও পণ্যজট আরও বাড়ছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে ট্রাকের জট বাড়ছে। এতে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণও বাড়তে পারে। রোববার সকাল থেকে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলে ধীরে ধীরে পণ্য ও ট্রাকজট কমে আসবে। বেনাপোল স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস হোসেন খান বলেন, ১৫ আগস্ট আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে। ইমিগ্রেশন কার্যক্রমও নিয়মিত ছিল। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (উপপরিচালক) রুহুল আমিন বলেন, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ছুটি শেষে রোববার থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত স্বাধীনতা লাভ করে। প্রতিবছর দিনটি দেশটিতে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল স্থলবন্দরসহ ভারতের বিভিন্ন স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়।