নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় অবৈধভাবে অন্যত্র নিয়ে যাওয়ার সময় ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ভ্যানচালক ও সার ডিলারের ম্যানেজারকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সার ডিলারের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে চৌগাছা পৌরসভার চৌগাছা-ঝিকরগাছা সড়কের হাজী সরদার মর্তুজ আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চৌগাছা উপজেলার সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্স থেকে ১৫ বস্তা ইউরিয়া ও ডিএপি সার অন্যত্র বেশি দামে বিক্রির উদ্দেশ্যে ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা ভ্যানটি আটক করে প্রশাসনকে খবর দেন। এ সময় সার নিয়ে যাওয়া বকুল ইসলাম (৩৮) পালিয়ে যান। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) জিএমএ মুনীব হাসান। অবৈধভাবে সার পরিবহনের দায়ে ভ্যানচালক মো. আমির হোসেনকে (৪০) সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সরকারি সার অন্যত্র পাচার ও বেশি দামে বিক্রির দায়ে মেসার্স শয়ন ট্রেডার্সের ম্যানেজার পলাশকে (৪৩) ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সার ডিলার মেসার্স শয়ন ট্রেডার্সের লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়। জব্দ করা ১৫ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে সাধারণ মানুষের মধ্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।