নিজস্ব প্রতিবেদক: যশোরে অনলাইন জুয়া খেলার জন্য টাকা না দেয়ায় মাকে মারধর, বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও টাকা চুরির অভিযোগে ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার যশোর শহরতলীর বিরামপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা আসামির মা রিনা বেগম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। মামলার অভিযোগে জানা গেছে, আসামি আল মামুন কোনো কাজ করেন না এবং দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত। তিনি নিয়মিত তার মা-বাবার কাছে টাকা দাবি করতেন। টাকা না দিলে পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ আচরণ, মারধর ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতেন। কিছুদিন আগে আসামি আল মামুন কাউকে কিছু না বলে বাড়ির দুটি ছাগ বিক্রি করে দেন। গত ৪ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে আসামি আল মামুন বাড়ি এসে জুয়া খেলার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি বাঁশের লাঠি দিয়ে ঘরের বিভিন্ন তৈজসপত্র ভাঙচুর করেন। এ সময় তার মা বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে আহত করেন। আসামি বাক্সে রাখা ৫ হাজার টাকা নিয়ে যান। চিৎকারে বাড়ির অন্যরা এসে তাকে উদ্ধার করেন। আসামি আল মামুনের এমন কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা প্রকাশ করে তিনি ছেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে এ মামলা করেছেন।