নিজস্ব প্রতিবেদক : যশোর শহরের দড়াটানা মোড়ের নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখবিহীন কেক-বিস্কুট পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই এলাকায় সিদ্দিক বেকারি নামের আরেক প্রতিষ্ঠানকেও অনিয়মের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সকালে দড়াটানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের পরিচালক সেলিমুজ্জামান। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আব্দুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান সূত্রে জানা যায়, নিউ সাকো ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রির জন্য রাখা কেক ও বিস্কুটের মধ্যে কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ এবং কয়েকটি পণ্যে উৎপাদনের তারিখ পাওয়া যায়নি। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে প্রতিষ্ঠানটির বিক্রি করা ডিম প্যাটিসে নষ্ট ডিম ব্যবহারের অভিযোগ ওঠে। যশোরে কর্মরত সাংবাদিক এম এইচ উজ্জ্বল অভিযোগ করেন, গত বুধবার নিউ সাকো থেকে চারটি ডিম প্যাটিস কিনে বাড়িতে নেওয়ার পর একটি প্যাটিসে তীব্র দুর্গন্ধ পাওয়া যায়। তাঁর দাবি, প্যাটিসের ভেতরের ডিম অস্বাভাবিক অবস্থায় ছিল এবং তা খাওয়ার পর তাঁর দুই সন্তান অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি নিয়ে অভিযোগ ওঠার পর রোববারের অভিযানে কেক-বিস্কুটে অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।