নিজস্ব প্রতিবেদক: মণিরামপুরে পরকীয়ায় আসক্ত হয়ে প্রতারণা, অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। সোমবার যশোর সদরের গোপালপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে ইমরান হোসেন রনি বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন মণিরামপুর থানার ওসিকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শেখ তাজ হোসেন তাজু। আসামিরা হলো, মণিরামপুরের নাগরঘোপ গ্রামের আলতাফ হোসেনের মেয়ে ও বাদীর স্ত্রী মুসলিমা খাতুন ও হাসাডাঙ্গা গ্রামের সাত্তারের ছেলে মোস্তফা। মামলার অভিযোগে জানা গেছে, ইমরান হোসেন রনি পারিবারিকভাবে মুসলিমা খাতুনকে বিয়ে করেন। তাদের ১০ বছর বয়সী মরিয়াম আক্তার মাওফিয়া নামে একটি কন্যা সন্তান রয়েছে। কিছু দিন ধরে বাদীর স্ত্রী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন। গত ২৬ আগস্ট ইমরান হোসেন তেল বিক্রি করে বাড়ি ফিরে স্ত্রীর নিকট ৫ লাখ টাকা গচ্ছিত রাখেন। পরবর্তীতে ইমরান বাড়ির বাইরে গেলে স্ত্রী মুসলিমা অপর আসামিরা সহযোগিতায় ৫ লাখ টাকা ও তার শাশুড়ির ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। ?পরবর্তীতে বাদী খবর পেয়ে গত ২৮ আগস্ট আসামির বাড়ি গিয়ে বিষয়টি জানতে চাইলে আসামিরা গালিগালাজ করে ও ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।