Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে বাস-ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্ব, সড়ক অবরোধ-ভাঙচুর

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:১৩:৪৯ পিএম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়কে বাস ও ইজিবাইক চলাচলকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে সড়ক অবরোধ ও ইজিবাইক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তিতে পড়তে হয়। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আঠারো মাইল এলাকায় ইজিবাইক ও বাসচালকদের মধ্যে সড়কে চলাচল নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন বাসশ্রমিকরা। এ সময় কয়েকটি ইজিবাইক ভাঙচুর করা হয়। ইজিবাইকচালক রাসেল অভিযোগ করে বলেন, ‘আমরা সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু বাস মালিক সমিতি আমাদের চলতে দিচ্ছে না। এর আগেও সড়কে ইজিবাইক চালানোর জন্য বাস মালিকদের টাকা দিতে হয়েছে। এরপরও আমাদের সড়কে চলাচলে বাধা দেওয়া হচ্ছে।’ তবে জেলা বাস মালিক সমিতির সড়ক সম্পাদক ওহিদুল আলম থোকন বলেন, ‘ইতোপূর্বে সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে ইজিবাইক সমিতি ও বাস মালিক সমিতির মধ্যে সমঝোতা হয়েছিল। সে অনুযায়ী আঠারো মাইল পর্যন্ত ইজিবাইক চলাচলের বিষয়ে সম্মতি ছিল। সেই ধারাবাহিকতায় আজ সদর উপজেলার আঠারো মাইল এলাকায় বিষয়টি দেখতে গেলে হঠাৎ ইজিবাইকচালকেরা অতর্কিত হামলা চালান। পরে শ্রমিকেরা সড়ক অবরোধ করেন।’ ইজিবাইক ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, ‘উত্তেজিত শ্রমিকেরা কয়েকটি ইজিবাইক ভাঙচুর করেছেন।’ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, সড়কে বাস ও ইজিবাইক চলাচল নিয়ে দ্বন্দ্বের জেরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। যান চলাচল স্বাভাবিক করতে উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এদিকে সড়ক অবরোধের কারণে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে দূরপাল্লার যাত্রীসহ স্থানীয় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)