নিজস্ব প্রতিবেদক : যশোরের ঐতিহ্যবাহী শামস-উল-হুদা স্টেডিয়ামের সার্বিক উন্নয়ন প্রকল্পে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রশাসনিক ও আর্থিক সম্মতি পাওয়ায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে অভিনন্দন জানিয়েছে যশোর জেলা ক্রীড়া সংস্থা। বুধবার এক প্রতিক্রিয়ায় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চিন্ময় সাহা বলেন, শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়ন করা যশোরের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের প্রত্যাশা। প্রকল্পটির জন্য অর্থ বিভাগের সম্মতি পাওয়ায় জেলা ক্রীড়া সংস্থা আনন্দিত। তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় অনিন্দ্য ইসলাম অমিত যশোরের ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন খাতের উন্নয়নের কথা বলেছিলেন। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে স্টেডিয়ামের উন্নয়ন প্রকল্পে অর্থ বিভাগের প্রশাসনিক ও আর্থিক সম্মতি পাওয়ায় তাঁর উদ্যোগের জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। চিন্ময় সাহা আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে শামস-উল-হুদা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি যশোরের ক্রীড়া কার্যক্রম আরও গতিশীল হবে। এ উদ্যোগ জেলার খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে।