নিজস্ব প্রতিবেদক : অস্ত্র মামলায় অভয়নগরের শহিদুল ইসলাম ওরফে রফিক গাজীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে যশোরের একটি আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আইরিন পারভীন এক রায়ে এ সাজা দেন। সাজাপ্রাপ্ত শহিদুল ইসলাম অভয়নগর উপজেলার গাজীপুর গ্রামের মৃত আব্দুল হক গাজীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ রাজঘাট কার্পেটিং বাজার যশোর-খুলনা মহাসড়কে অভিযান চালায়। সে সময় বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা শহিদুল ইসলামকে আটক ও তল্লাশি করে তার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় অভয়নগর থানার এসআই আরিফুর রহমান বাদী হয়ে শহিদুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। তদন্ত শেষে আসামি শহীদুল ইসলামকে অভিযুক্ত করে ৩০ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মামুনুর রশিদ। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি শহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সাজাপ্রাপ্ত শহিদুল বর্তমানে কারাগারে আটক আছেন।