প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ বিজয়ী হয়ে অনন্য সাফল্য অর্জন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে গত ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী এ ফেয়ার অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত এ ফেয়ারে তিনটি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে যৌথভাবে বিজয়ী হিসেবে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয় এই পাঁচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম। এ সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী নয়টি উদ্ভাবনী দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১ সেপ্টেম্বর (সোমবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যক্তিগত ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জনকারী ‘স্মার্ট হুইলচেয়ার’ প্রকল্পসহ অংশগ্রহণকারী নয়টি উদ্ভাবনী দলের টিম লিডারদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় উপাচার্য বলেন, বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী হওয়া খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এ অর্জনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী সক্ষমতার স্বীকৃতি মিলেছে। শিক্ষার্থীদের একাডেমিক প্রতিযোগিতার পাশাপাশি উদ্ভাবন ও সৃজনশীলতার ক্ষেত্রেও নিজেদের স্বতন্ত্রভাবে তুলে ধরতে হবে। এজন্য তাদের উদ্ভাবনী চিন্তাশক্তিকে আরও বিকশিত করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান । গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের পরিচালক প্রফেসর ড. জিএম আতিকুর রহমান। এছাড়া সংবর্ধিত প্রকল্পগুলোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সংবর্ধিত দলগুলো হলো স্মার্ট হুইলচেয়ার, নিও সেভার, এআই-বেজড ক্যাম্পাস সিকিউরিটি, ব্লিস সিহাত, হাই ভোল্টেজ এনার্জি-এফিশিয়েন্ট থ্রিডি প্রিন্টার, ইকোলিংক, এআই-পাওয়ার্ড ইসিজি স্ক্রিনিং ডিভাইস, ট্রু-সাইট ও আরবান আর্থ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং সংবর্ধিত দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।