রুনু খন্দকার, আলমডাঙ্গা : কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর গ্রামের মৃত মোল্লা বদরুল আলমের ছেলে, গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোল্লা জয়নুল আবেদীন মাসুদ (৪৫) ইন্তেকাল করেছেন। গত ২৭ সেপ্টেম্বর রোববার সন্ধ্যার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, মোল্লা জয়নুল আবেদীন মাসুদ দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। রোববার সন্ধ্যার দিকে গোস্বামী দুর্গাপুর বাজারে নিজ ফার্মেসি দোকানে অবস্থানকালে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোল্লা জয়নুল আবেদীন মাসুদ ছিলেন শিক্ষার প্রতি নিবেদিতপ্রাণ একজন ব্যক্তি। গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের কাছেও তিনি ছিলেন একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাজা সোমবার সকাল ৯টার দিকে গোস্বামী দুর্গাপুরে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোল্লা জয়নুল আবেদীন মাসুদের মৃত্যুতে গোস্বামী দুর্গাপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, স্থানীয় শিক্ষাঙ্গন ও বিভিন্ন সামাজিক মহলের পক্ষ থেকে গভীর শোক ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।