নিজস্ব প্রতিবেদক : শিক্ষা প্রতিষ্ঠানে মেধা ও দক্ষতা যাচাই করে শিক্ষক নিয়োগের আহ্বান জানিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের যৌথ উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কেউ শিক্ষক হয়ে জন্ম নেন না, মানুষ জন্মানোর পরেই শিক্ষক হয়ে ওঠেন। শিক্ষকরা গঠনমূলক পাঠদান করলে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই শ্রেণিকক্ষে আকৃষ্ট হয়।” তিনি আরও যোগ করেন, “শিক্ষকদের সম্মান অর্থ দিয়ে নয়, বরং তাঁদের যোগ্যতা দিয়ে বিবেচনা করা উচিত। দেশপ্রেমের মনোভাব নিয়ে শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।” জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক, সরকারি সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রেহানা পারভীন, যশোর শিক্ষা বোর্ড সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ আব্দুল হান্নান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির, জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন, পিটিআইয়ের সুপার আসাদুজ্জামান, শিক্ষক কর্মচারী ঐক্যজোট জেলা শাখার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান মধু, ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং তীরের হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। তালবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক ইবাদত খান এবং শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক পারভীনা খাতুনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। আলোচনা সভার পূর্বে সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পিটিআই প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।