আলমডাঙ্গা অফিস : ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলাউদ্দিন, একাডেমিক সুপারভাইজার ইমরুল কায়েস এবং সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম। সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন এটম, কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, দেলোয়ার হোসেন, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম ও শিক্ষক মহসিন কামালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।